| | |

জাবি ছাত্রী হত্যা, স্বামী কারাগারে, রিমান্ড শুনানি ২৪ মার্চ

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা ছিদ্দিকা এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান জানান, ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১৫ মার্চ) দুপুরে সাভারের একটি ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমীন জাহানকে রক্তাক্ত ও নিথর অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। একইদিন রাতে নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ফাহিমকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে হাজির করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ