জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, জুলাইয়ের চেতনা লালন ও উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এর অংশ হিসেবে ক্যাম্পাসে স্মরণসভা, ডকুমেন্টারি প্রদর্শনী, ম্যারাথন, র্যালি, বিশেষ ভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এরই মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে জুলাই স্মৃতিফলক নির্মাণকাজের উদ্বোধন এবং বিভিন্ন আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের (ফিস্ট) আয়োজন করা হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
একই দিন সকাল সাড়ে ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।
৬ আগস্ট বিকেল ৩টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শনী, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে একক সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, “বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তুলে ধরা এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জাতীয় চেতনা জাগ্রত করাই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য। আয়োজকদের আশা, দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।








