| | |

জিতলেই সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

শুধু সিরিজ জয় নয়, আইসিসির র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে ওঠার হাতছানি রয়েছে মিরাজদের। নাহিদ রানা টর্নেডো গতির বোলিং ও তানজিদ তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে ৮ উইকেটে। অবিশ্বাস্য হলেও সত্য বল বাকি ছিল ২০৯টি। নাহিদ গতি ও বাউন্সে শাহিন আফ্রিদিদের দৃঢ়তা ভেঙেচুরে ২৪ রানের খরচে নেন ৫ উইকেট।

যা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার। তানজিদ ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। প্রথম ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় ওয়ানডে খেলবে মিরপুরে। যদি ম্যাচটি জিতে যায় টাইগাররা, তাহলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করবে এক ম্যাচ হাতে রেখে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত সিরিজ জিতেছে একবার, ২০১৫ সালে। ১১ বছর আগে ঘরের মাটিতে সিরিজটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। যদি সিরিজ জিতে যান মিরাজরা, তাহলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে আসবে টাইগাররা। বর্তমানে ৭৭ পয়েন্ট নিয়ে ভগ্নাংশের বিচারে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পেছনে।ওয়েস্ট ইন্ডিজ এখন ৯ নম্বরে, বাংলাদেশ ১০ নম্বরে। আজ জিতলেই টাইগারদের পয়েন্ট হবে ৭৯। ক্যারিবীয়দের টপকে চলে আসবে ৯ নম্বরে। যদি ৩-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে পয়েন্ট হবে ৮১। র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।

বুধবারের প্রথম ওয়ানডেতে নাহিদের বিধ্বংসী বোলিংয়ে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান অলআউট হয় ৩০.৪ ওভারে ১১৪ রানে। যা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। দলটির আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৬১। বাংলাদেশ ১১৫ রানের টার্গেট টপকে যায় ১৫.১ ওভারে। ১০০ ওভারের ম্যাচ শেষ হয় মাত্র ৪৫.৫ ওভারে। পাকিস্তানের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে ১৫ মার্চ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ