সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শারাফাত শারিক (রোহান) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দুটি পোস্টে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করেন শারাফাত শারিক। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রক্টর কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় শারাফাত শারিক বলেন, তিনি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন এবং কারও প্ররোচনায় পোস্ট দেননি। শব্দচয়নে ভুল হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, তার উদ্দেশ্য জুলাই গণ-অভ্যুত্থানকে লক্ষ্য করে মন্তব্য করা ছিল না; মুক্তিযুদ্ধ নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে অনুচিত শব্দ ব্যবহার করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুস ছাত্তার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী বলেছেন, তার ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী বলে জানিয়েছেন।









