| | |

জুলাই যোদ্ধা সুরভীকে জড়িয়ে যে মামলা তা পরিকল্পিত ও বানোয়াট : নাহিদ ইসলাম

সাভার ডেস্ক

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী জামিনে মুক্তি লাভের পর সোমবার রাতে খোঁজ নিতে গাজীপুরের টঙ্গী থানার গোপালপুর টেকপাড়া এলাকায় তার বাসায় গিয়ে খোঁজ খবর নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, সুরভীকে জড়িয়ে যে অভিযোগ ও মামলা করা হয়েছে, তার পুরো বিষয়টিই ছিল পরিকল্পিত ও বানোয়াট।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী নাসের খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাকর্মীদের চরিত্র হননের প্রচেষ্টা চলছে। সুরভীর ঘটনাটিও তারই ধারাবাহিকতার অংশ।

তিনি বলেন, কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই সত্য-মিথ্যা মিশিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে, যার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের কর্মীদের চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে।

তিনি হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের ভেতরে ও বাইরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, সোমবার সকালে এক সাংবাদিকের দায়ের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় জুলাই যোদ্ধা সুরভীকে আদালতে হাজির করে পুলিশ এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুপুরে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এ খবরে আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিক্ষোভ শুরু হয়।

পরবর্তীতে সুরভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হলে সন্ধ্যায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

নারী, পরীক্ষার্থী ও সার্বিক মানবিক বিষয় বিবেচনা করে আদালত এ আদেশ দেন বলে জানান আইনজীবীরা।

আদালতের আদেশ অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। তার মুক্তির খবরে সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted