| | |

ঝুট ব্যবসার দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

হাসিবুল হাসান শান্ত,

ঢাকার আশুলিয়া এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়ার দি রোজ ড্রেসেস লিমিটেড-এর সামনে এ সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। এ সময় ৬ থেকে ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয়দের ভাষ্য, আশুলিয়া থানা তাঁতি দলের সহসভাপতি বকুল ভুঁইয়া ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনির অনুসারীদের মধ্যে ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছিল। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের আগে উক্ত কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন স্থানীয় যুবলীগ নেতা কবির হোসেন সরকার। পরে সেই নিয়ন্ত্রণ যায় ছাত্রদল নেতা রনির হাতে। তবে জাতীয় নির্বাচনের পর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব নতুন করে তীব্র আকার ধারণ করে।

অভিযোগ করে মোস্তাফিজুর রহমান রনি বলেন, বৈধ চুক্তি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাকে ঝুট উত্তোলনে বাধা দিয়ে আসছিল। বৃহস্পতিবার আলোচনার জন্য কারখানায় গেলে তার ওপর হামলা চালানো হয়, মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন রনি।

এ বিষয়ে বকুল ভুঁইয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দাখিল করেনি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted