ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত পাঁচজনের তিনজন নারী, দুজন পুরুষ। নারী তিনজনের বয়স যথাক্রমে ২৬, ৪৫ ও ৬৫ বছর। পুরুষ দুজনের বয়স যথাক্রমে ২৪ ও ৬৫ বছর। মৃতদের একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, দুজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, একজন শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১, চট্টগ্রামে ৯২, ঢাকা বিভাগে ১৩১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭, খুলনায় ২৯, ময়মনসিংহে ৬, রাজশাহী ৩৪, রংপুরে ৭ ও সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০২ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৩৬ হাজার ৫২৮ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৮৯১ জন। মৃত্যু হয়েছে ১৫৫ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বর এই পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।










