| | |

ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ, সাভারে মহাসড়কে যানবাহনের চাপ

হাসিবুল হাসান শান্ত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রিয়জনের টানে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এর প্রভাব পড়েছে ঢাকার সাভার এলাকার মহাসড়কগুলোতে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি।

সোমবার (১৬ মার্চ) নবীনগর–চন্দ্রা মহাসড়ক, আব্দুল্লাহপুর–বাইপাইল সড়ক এবং ঢাকা–আরিচা মহাসড়ক-এর বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে সড়কের বাসস্ট্যান্ডগুলোতে অতিরিক্ত যাত্রীর উপস্থিতি দেখা গেছে। এসব যাত্রী পরিবহনে বিপুলসংখ্যক বাস চলাচল করছে। অনেক যাত্রী কাঙ্ক্ষিত পরিবহন পেয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন।

যানবাহনের চাপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সিরাজগঞ্জগামী যাত্রী আল আমিন বলেন, অফিস শেষ করে বাড়ি ফিরছি। বাসস্ট্যান্ডে এসে দ্রুতই বাস পেয়েছি। ভাড়াও সহনীয় হওয়ায় যাত্রা বেশ স্বস্তিদায়ক।

চন্দ্রাগামী সোমা পরিবহনের চালক আলিম বলেন, গাবতলী থেকে গাড়ি ছেড়ে আসার পর কয়েকটি পয়েন্টে যানজট ছিল, তবে বাকি পথ মোটামুটি স্বাভাবিক ছিল।

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার পরিদর্শক সাওকাতুল আলম বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশ মাঠে কাজ করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted