| | |

ঢামেকে শিশু মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে স্টাফদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর স্বজনরা রাজধানীর বংশাল এলাকার বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বংশাল থেকে নয় বছর বয়সী একটি শিশুকে বিকেলে ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে শিশুটি মারা গেলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

পরে রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে ভাঙচুর চালায় ও ট্রলিম্যানসহ অন্যান্য স্টাফদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুইজন ঢামেকেই চিকিৎসাধীন আছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটি মারা যাওয়ার পর স্বজনরা চিকিৎসক ও স্টাফদের সঙ্গে ঝগড়ায় জড়ান। পরে শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ট্রলিম্যানদের সঙ্গে হাতাহাতি হয়। এ ঘটনার পর বংশাল এলাকা থেকে শতাধিক যুবক এসে জরুরি বিভাগে হামলা চালায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ