রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭

দলে ফিরিয়ে নেওয়ার আকুতি ফজলুর রহমানের, বিএনপি সাড়া নেই

ডেস্ক রিপোর্ট

ফজলুর রহমান। ফাইল ছবি

দীর্ঘ ৯ বছর পর আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে বেলা ১১টায় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানস্থলে তৈরি করা হচ্ছে সুবিশাল মঞ্চ, শহরের উল্লেখযোগ্য সড়কগুলোতে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ, দলীয় নেতাকর্মীদের ছবি-সংবলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে অনুষ্ঠানস্থলসহ পুরো জেলা শহর।

কিন্তু জাঁকজমকপূর্ণ এই সম্মেলনে অতিথি করা হয়নি কিশোরগঞ্জের আলোচিত নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানকে। সম্মেলনের ব্যানার ও দাওয়াতপত্রে তার নাম নেই। কারণ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে তার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

দলের এই সিদ্ধান্তের পর দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে থাকা ফজলুর রহমান বিভিন্ন সভা-সেমিনার ও টকশোতে তার বিষয়ে দলের স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার আবেদন জানিয়ে আসছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তার এই স্থগিতাদেশ বাতিল করার জন্য দলের কাছে অনুরোধ করে বলেন, বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করব আমার স্থগিতাদেশ উঠিয়ে নিন। সামনে কিশোরগঞ্জ জেলা সম্মেলন। আমি দীর্ঘ আট বছর ধরে এই সম্মেলন করেছি।

ফজলুর রহমান বলেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারব না। কে সহ্য করতে পারে এগুলা। আমিও তো মানুষ, এই দলের জন্য কি-না করেছি। জেল খেটেছি নির্বাসনে রয়েছি, দেশ নেত্রী খালেদা জিয়ার নামে ৩০০ বক্তব্য দিয়েছি। যেটি বিশ্ব রেকর্ড।

তবে তার এই কাকুতি-মিনতি বা আল্টিমেটাম কোনোটাকেই পাত্তা দিচ্ছে না বিএনপির হাইকমান্ড। কারণ তাকে শোকজ করে দল থেকে বলা হয়েছিল, তিনি যেন সব ধরনের বিতর্কিত বক্তব্য থেকে বিরত থাকেন। কিন্তু তিনি সেই নির্দেশনা উপেক্ষা করে আবারও বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক টকশোতে বলেছেন, ‘মুক্তিযোদ্ধার পক্ষের আলাদা একটি দল গঠন করতে হবে। আমি চাইলে বিএনপির চেয়ে বড় দল গঠন করতে পারি।’

এর আগে পদ স্থগিত হওয়ার পরপরই কিশোরগঞ্জের নিজ নির্বাচনি এলাকার হাওড় মিঠামইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসংবর্ধনায় ফজলুর রহমান বলেছিলেন, আমি ধর্ম বিদ্বেষী নই, জামায়াত বিদ্বেষী। আমি ধর্ম-কর্মে বিশ্বাসী একজন মুসলমান। তবে, জামায়াতে ইসলাম ইসলাম নয়, তারা জামা-কাপড়ে ইসলাম। তাদের প্রতি আমার বিদ্বেষ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে আমার অনুরোধ, আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন।

ফজলুর রহমান বলেন, দল আমাকে তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি। তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে এটাই আমার চাওয়া। আপনারা জনগণ দলের কাছে দুইটা জিনিস চাইবেন। একটা হলো ফজলুর রহমান, আরেকটা হলো ধানের শীষ মার্কা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930