নানা বয়সী মানুষ দুই তরুণকে ঘিরে আছে। তরুণদের একজনের মাথার একটি অংশ ন্যাড়া করে দেওয়া হয়েছে, অন্যজনেরও কাটা হয়েছে চুল। একজনের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটি হাঁস, অন্যজনের গলায় ঝোলানো সাউন্ডবক্স। সেই সাউন্ডবক্সে বেজে ওঠা গানের তালে তালে তাদের নাচতে বাধ্য করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তরুণকে হেনস্তার এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। হাঁস চুরির অভিযোগ ওই দুই তরুণকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই তরুণকে আদালতে সোপর্দ করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই তরুণেরা এক গৃহস্থের দুটি হাঁস চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁদের এলাকাবাসী আটক করে। এরপর দুজনকে মারধর করা হয়। একপর্যায়ে মাথার চুল কেটে দিয়ে তাঁদের নাচতে বাধ্য করা হয়।
সন্দ্বীপ থানার ওসি জিয়াউল হক বলেন, ‘ওই দুই তরুণকে একাধিক চুরির মামলায় আমরা আগে থেকেই খুঁজছিলাম। শনিবার জনতার হাতে তাঁদের আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। এরপর তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের নির্যাতনের বিষয়টি আমাদের জানানো হয়নি। ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসেনি।’










