মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

দুপুরে রিমান্ড, রাতে জামিনে মুক্তি জুলাইযোদ্ধা সুরভীর

সাভার ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে সোমবার দুপুরে দুই দিনের রিমান্ডে পাঠালেও সন্ধ্যায় অপর একটি আদালত তার রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। রাত ৭টা ৩৮ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। সুরভীর মুক্তির সময় কারা ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালত শুনানি শেষে সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ আদেশের প্রতিবাদে আদালত চত্বরে জুলাই যোদ্ধারা বিক্ষোভ করেন।

পরে বিকেলে সুরভীর পক্ষে তার আইনজীবী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

গাজীপুর মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব বলেন, মামলার বাদী আদালতে উপস্থিত হননি এবং কোনো তথ্যও দেননি। বিষয়টি আদালতকে জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট ও আদালত চত্বরে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিও তুলে ধরা হয়। সব দিক বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করেন।

এদিকে সুরভীর রিমান্ডের প্রতিবাদ ও মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। রিমান্ড আদেশের সময়ও আদালত চত্বরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সন্ধ্যায় আইনজীবী সমিতির সামনে বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, তারা আদালত ও আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। তবে জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা পালনকারীদের বিষয়ে সংবেদনশীল থাকার আহ্বান জানান তিনি।

এর আগে গত ২৫ ডিসেম্বর নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930