ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মনজুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার প্রথম স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে। আহত অবস্থায় মনজুরুলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ভোররাতে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত মনজুরুল ইসলাম বাংলাবাজার এলাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। তার প্রথম স্ত্রী হিসেবে বিলকিস বেগমের নাম জানা গেলেও তার বিস্তারিত পরিচয় ও বর্তমান অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে মনজুরুলের সঙ্গে বিলকিসের বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান না হওয়ায় প্রায় এক বছর আগে মনজুরুল দ্বিতীয় বিয়ে করেন। তবে দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রথম স্ত্রী আগে জানতেন না বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতে পেরে মনজুরুলের সঙ্গে বিলকিসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মনজুরুল ঘুমিয়ে পড়লে বিলকিস ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় মনজুরুলকে পরে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এমন কোনো ঘটনার তথ্য তার জানা নেই বলে জানান। তবে ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়েও আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছিল তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে। ওই ঘটনায় নাজমুল হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।









