ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী। এর আগে রোববার রাতে সাভার থানা পুলিশের একটি দল বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- সাভারের বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া এলাকার মনসুর আহম্মদ সরকারের স্ত্রী আমিনা মনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমিনা মনসুর ও জান্নাত আক্তার চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বই সদৃশ একটি বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়িতে ফেলেন। পরে রাতে বাড়ির মেঝেতে একটি কোরআন শরীফ পড়ে থাকতে দেখেন আবির। এ ঘটনা প্রতিবেশী আবির হাসান কোরআন অবমাননার অভিযোগ এনে ২৬ ফেব্রুয়ারি সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘ধর্ম অবমাননার অভিযোগে মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।’









