ঢাকার ধামরাইয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে দুই দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। তবে পুলিশের দাবি, এমন কোনো মিছিল বা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার তথ্য তাদের কাছে নেই।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় মিছিলের অন্তত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধামরাই উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল।
তার দাবি, শনিবার সকাল ৬টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা এলাকায় মিছিলটি বের করা হয়। এর আগে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় বিলট্রেড-ডাবর বাংলাদেশ কোম্পানির সামনে থেকে প্রায় ৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল বের করেন। সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে বলেও দাবি করেন তিনি।
ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘ধামরাই উপজেলা আওয়ামী লীগ’ লেখা একটি ব্যানারের সামনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখি হাঁটছেন। তার পেছনে কয়েকজন নেতাকর্মী রয়েছেন। তবে ভিডিওতে থাকা অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রবিউল আউয়াল রুবেলের দাবি, কালামপুর এলাকায় পুলিশের ধাওয়ায় দুই দফায় মিছিল ছত্রভঙ্গ হয়। পরে কালামপুর-সাটুরিয়া সড়কের খাগুরতা এলাকায় আবারও মিছিল করা হয়।
তবে আওয়ামী লীগের মিছিল বা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার কোনো তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছে ধামরাই থানা পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘এমন একটি খবর আমিও শুনছি। কিন্তু কোনো তথ্য পাইনি। রাতে মহাসড়কে পুলিশ থাকে। পুলিশের মুখোমুখি হওয়ার বিষয়েও এখনো কোনো তথ্য পাইনি।’
তিনি আরও বলেন, ‘ধামরাই গ্রামাঞ্চল হওয়ায় এলাকার ভেতরে কোনো ঘটনা ঘটলে দ্রুত তথ্য পাওয়া কিছুটা দুরূহ।’









