| | |

ধামরাইয়ে পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

হাসিবুল হাসান শান্ত

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল ইসলাম।

অভিযানে মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স সাজেদা ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, মেসার্স মারিয়াম ব্রিকস ও মেসার্স এম এফ ব্রিকসকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ২৪ লাখ টাকা। এর মধ্যে মেসার্স মদিনা ব্রিকসের চিমনি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কুশুরা ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বায়ুদূষণবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ভাটাকে জরিমানা করা হয় এবং একটি ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

তিনি আরও জানান, পরিবেশের ক্ষতি করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ