ধামরাই উপজেলার কালামপুর এলাকায় বেসরকারি তিনটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা ও একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালামপুর এলাকায় Apollo Digital Hospital & Diagnostic Center, Islamia Hospital & Diagnostic Center এবং Popular Digital Diagnostic Center & Hospital-এ অভিযান চালানো হয়।
এ সময় প্রয়োজনীয় হাসপাতাল পরিচালনা সনদ না থাকায় অ্যাপোলো ডিজিটাল হাসপাতাল ও ইসলামিয়া হাসপাতালকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় সেটি সিলগালা করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে রিদওয়ান আহমেদ রাফি জানান, অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










