| | |

ঢাকার আশুলিয়া

নাসা গ্রুপে শ্রমিক অস্থিরতা সৃষ্টিকারী মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের আন্দোলনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যের মূলহোতা টিপু সুলতানকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আশুলিয়ার জামগড়া এলাকা থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত টিপু ঝিনাইদহের শৈলকোপা থানার পূর্ব মাদলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকার নাসু মিয়ার বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিল।

ডিবি পুলিশের ভাষ্য, সম্প্রতি নাসা গ্রুপের বিভিন্ন ইউনিটে বেতন-ভাতা ও অন্যান্য দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলনে নামলে টিপু সুলতান তাদের উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করে। এতে কারখানার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি কর্মপরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, ‘শ্রমিক আন্দোলনের আড়ালে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছিল। তদন্তে বেরিয়ে এসেছে-এর নেপথ্যে মূল ভূমিকা রেখেছে টিপু সুলতান। শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা ছড়ানোই ছিল তার উদ্দেশ্য। আমাদের গোয়েন্দা নজরদারিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।’

এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ