| | |

নিখোঁজের দুই মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের দুই মাস পর সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন হাউজিং এলাকার ভেতরের জঙ্গল থেকে মিলন হোসেন (১৫) নামে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

১ ডিসেম্বর সোমবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে। নিহত মিলন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকার ইউনুস আলীর মালিকানাধীন বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, জঙ্গলে পড়ে থাকা গেঞ্জি ও প্যান্ট দেখে মিলনের মা জোছনা বেগম এগিয়ে যান। কাপড়চোপড় শনাক্ত করার পর তিনি কঙ্কালটিকে ছেলের মরদেহ বলে দাবি করেন। তবে নিশ্চিত হওয়ার জন্য কঙ্কালটি ডিএনএ পরীক্ষায় পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ কঙ্কাল উদ্ধার করেছে। অন্যদিকে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, মিলন নিখোঁজ হওয়ার ঘটনায় তার মা থানায় মামলা করেছিলেন। তদন্তের অংশ হিসেবে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশা গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই মিলন নিখোঁজ ছিলেন। পরদিন তার মা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা পরে ১৮ নভেম্বর মামলা হিসেবে রুজু করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ