দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কার কাজ শুরু করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বুধবার (২২ জুলাই) দুপুরে সাভার পৌরসভার উত্তর রাজাশন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই উত্তর রাজাশন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫ বছর ধরে তারা জলাবদ্ধতার দুর্ভোগে ভুগছেন। নিজ উদ্যোগে ড্রেনেজ সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্থায়ী সমাধানের আশা করছেন।
উদ্বোধন শেষে নজরুল ইসলাম বলেন, উত্তর রাজাশনের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করেই তিনি নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে জলাবদ্ধতা, ড্রেনেজ এবং অন্যান্য নাগরিক সমস্যা সমাধানেও কাজ করবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সাভার পৌরসভার অধিকাংশ ওয়ার্ডেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।









