শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একসময় সরকারি কর্মকর্তারা খিচুড়ি রান্না কিংবা কচুরিপানা পরিষ্কার করার মতো বিষয়ে বিদেশে প্রশিক্ষণে যেতেন। সেই সময় এখন আর নেই। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থায় খেলাধুলা, পারিবারিক মূল্যবোধ, বিতর্কচর্চা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে খেলাধুলা, সংস্কৃতিচর্চা, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চান, যারা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বেড়ে উঠবে।
তিনি জানান, নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং দেশের প্রকৃত ইতিহাস ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে সংযোজন করা হবে।
ড. এহসানুল হক মিলন বলেন, চলতি বছরের পাঠ্যপুস্তকে ইতোমধ্যে বেশ কিছু পরিমার্জন আনা হয়েছে। তবে স্বল্প সময়ে পুরো শিক্ষাক্রম পরিবর্তন সম্ভব নয়। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পর্যায়ক্রমে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দক্ষ ও যোগ্য শিক্ষক তৈরি করে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা হবে।









