| | |

নোটারি করে বয়স বাড়িয়ে ৮ম শ্রেণির ছাত্রীর বিয়ে, কনের বাবাকে জরিমানা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে ৮ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কনের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই ছাত্রীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে তুলে দেওয়া যাবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। ওই স্কুলছাত্রীর বয়স নোটারি পাবলিক করে বাড়িয়ে বিয়ে দেওয়া হয়েছে এবং কনে উঠিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতা চলছিল।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়ার বেথুলিয়া গ্রামের নিজাম সরদারের মেয়ে নীলা আক্তারকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিতে বরপক্ষের আসার কথা ছিল। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তার নির্দেশে কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমটার গোলাম রব্বানী ও গ্রাম পুলিশ, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দেয়।

এ সময় মেয়ের বাবার কাছ থেকে মুচলেক নেওয়া হয় যে তারা তাদের মেয়েকে প্রকৃত ১৮ বছর না হওয়া পর্যন্ত বরের বাড়ি তুলে দেবেন না এবং মেয়ের পড়ালেখা চালিয়ে যাবেন। কিন্তু তারা কথা দিলেও ঘটনাস্থল থেকে চলে আসার পর আবার বিয়ের আনুষ্ঠানিকতা করার চেষ্টা করেন। পরে সেটি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী পুলিশ ফোর্সসহ উপস্থিত হয়ে মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং তারা এতে সাবধান না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিবারের সবাইকে জানানো হয়। পরবর্তীতে বরযাত্রীরা কনের বাড়িতে আসেনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted