| | |

পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতন, সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব পাওনা পরিশোধ না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেডের ভুক্তভোগী শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাইপাইল এলাকায় যায়। সেখানে সমাবেশ শেষে আবারও মিছিল নিয়ে বগাবাড়ী বাসস্ট্যান্ডে ফিরে কর্মসূচি শেষ করেন তারা।

সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, গত মার্চে ঈদের ছুটির আগে তাদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করা হয়নি। পরে কয়েক দফা ছুটি বাড়ানোর পর এপ্রিল মাসে কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়।

শ্রমিকদের দাবি, শিল্পাঞ্চল পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের সহযোগিতায় পরে কারখানা কর্তৃপক্ষ বোনাস ও এক মাসের বকেয়া বেতনের মাত্র ২৫ শতাংশ পরিশোধ করে। তবে বেতনের বাকি অংশ, সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনা এখনো পরিশোধ করা হয়নি। একই সঙ্গে কারখানার স্টাফদের পাঁচ থেকে ছয় মাসের বেতনসহ বিভিন্ন সুবিধাও বকেয়া রয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, আশুলিয়ার শিমুলতলায় ইনজেনিটেক্স বিডি লিমিটেড এবং জিরাবোর কাঠগড়া এলাকায় ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেড অবস্থিত। গত এপ্রিল মাসে কারখানা দুটি বন্ধ হয়ে যায়। শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে দুই দফা চুক্তি হলেও অধিকাংশ শ্রমিক এখনো তাদের পাওনা পাননি।

তিনি বলেন, কারখানা দুটিতে দুই হাজারের বেশি শ্রমিক কাজ করতেন। এর মধ্যে প্রায় ১২০ জনের পাওনা পরিশোধের পর অন্য শ্রমিকদের অর্থ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্টাফদের পাঁচ থেকে ছয় মাসের বেতনসহ অন্যান্য পাওনাও আটকে রয়েছে।

ফরিদুল ইসলাম আরও বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। অন্যথায় শ্রম মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ