ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি ‘পাগলা’ ঘোড়ার কামড়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী পৌরসভার কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত দুই দিনে পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘোড়াটির আক্রমণে আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে আছেন বোয়ালমারীর গুনবহা গ্রামের বাসিন্দা কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক, (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
আহত কাজী হাসান ফিরোজ বলেন, ‘সকালে তিনি মোটরসাইকেলে বোয়ালমারী রেলস্টেশনে যাচ্ছিলেন। পথে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া তেড়ে এসে কোমরে কামড় দেয়। তিনি মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে অবস্থান করছেন। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা।’
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন খান বলেন, ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে, তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছে। ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর হয়তো এমন আচরণ করছে। গত দুই দিনে পৌরসভার বিভিন্ন স্থানে পাগলা ঘোড়ায় কামড়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড় দিয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।










