| | |

পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের

নাজমুল হুদা

ঢাকার সাভার মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. সাইফুল আলম দায়িত্ব গ্রহণের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। একইভাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও ‘ভিত্তিহীন ও মনগড়া’ প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সাইফুল আলম

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতীত সরকারের সহযোগী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা চলছে। যাচাই-বাছাই ছাড়া কাল্পনিক ও মনগড়া তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনো পুলিশ কর্মকর্তার নতুন কর্মস্থলে পদায়নের পরপরই তাকে লক্ষ্য করে এ ধরনের অপপ্রচার বেড়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়।

পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য গুম, হত্যা, নির্যাতন বা ক্ষমতার অপব্যবহারের মতো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধুমাত্র পূর্ববর্তী সরকারের সময়ে দায়িত্ব পালন করেছেন, এমন অজুহাতে পেশাদার ও সৎ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, বাহিনীর মনোবল দুর্বল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

এ অবস্থায় মানহানিকর প্রচারণা ও ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পাশাপাশি পুলিশের পেশাদারিত্ব বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বিবৃতির প্রতি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সও একাত্মতা প্রকাশ করেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted