| | |

প্যারাগুয়ের কাছে হেরে পদত্যাগ করলেন জার্মানির কোচ?

ক্রীড়া ডেস্ক

জার্মানি জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ইউলিয়ান নাগেলসম্যান। যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে হেরে জার্মানির আকস্মিক ও লজ্জাজনক বিদায়ের পর এই সিদ্ধান্তের কথা জানা গেল। নাগেলসম্যানের বিদায়ের পর জার্মান ডাগআউটের পরবর্তী দায়িত্বে বসার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অভিজ্ঞ কোচ ইয়ুর্গেন ক্লপ।

প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের নকআউট পর্ব থেকে জার্মানির ছিটকে যাওয়াটা ছিল ফুটবল দুনিয়ার জন্য এক বিশাল চমক।

এই ব্যর্থতার পর ৩৮ বছর বয়সী কোচ নাগেলসম্যানের ওপর চারপাশ থেকে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। অথচ ধারণা করা হচ্ছিল, ২০২৮ সালের ইউরো কাপ পর্যন্ত তিনিই দলটির দায়িত্বে বহাল থাকবেন। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অবশ্য সিদ্ধান্ত নেওয়ার পুরো বিষয়টি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) ওপরই ছেড়ে দিয়েছিলেন নাগেলসম্যান। সে সময় তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন, ডিএফবি চাইলে তিনি ২০২৮ ইউরো পর্যন্ত কাজ করতে প্রস্তুত এবং তিনি দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মানুষ নন।

একই সঙ্গে অত্যন্ত হতাশ হয়ে তিনি স্বীকার করেছিলেন যে, প্যারাগুয়ের কাছে হেরে যাওয়ার পর জার্মানিকে আর বিশ্বের প্রথম সারির দল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

তবে পরিস্থিতি দ্রুত বদলে যায়। জানা গেছে, ডিএফবি কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর নাগেলসম্যানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, হয় তিনি নিজে থেকে পদত্যাগ করুন, অন্যথায় তাকে বরখাস্ত করা হবে। বোর্ডের এমন কঠোর অবস্থানের পর শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলেন এই জার্মান মাস্টারমাইন্ড।

আজই ডিএফবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা রয়েছে। এদিকে নাগেলসম্যানের বিদায়ের পর থেকেই নতুন কোচ হিসেবে জার্গেন ক্লপের নাম জোরেশোরে শোনা যাচ্ছে, যিনি বিশ্বকাপ চলাকালীন সময়েই জার্মানি দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন।

সূত্র: মিরর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted