| | |

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার মালিক রানা

হাসিবুল হাসান শান্ত

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন আলোচিত রানা প্লাজার মালিক ও যুবলীগ নেতা সোহেল রানা। প্রায় এক যুগ পর কয়েক ঘণ্টার জন্য কারামুক্ত হয়ে তিনি সাভারে এসে উপস্থিত মুসল্লিদের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

শনিবার কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পান সোহেল রানা। সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে তার মায়ের জানাজায় অংশ নেন তিনি। এ সময় সাভার মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সোহেল রানা বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন।’

রানার চাচাতো ভাই মো. জাহাঙ্গীর আলম জানান, মরহুমা মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হলে সন্ধ্যা ৬টার দিকে পুলিশি পাহারায় সোহেল রানাকে সাভারে আনা হয়।

জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ