সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ

প্রচারণা শেষ, এখন রায় দেওয়ার পালা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদেরও নির্বাচন হবে। দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। শিক্ষক–শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

শেষ হলো প্রচারণা : গত ২৮ আগস্ট বিকেল চারটা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়, যা শেষ হয়েছে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাত ১২টায়। শেষ মুহূর্তে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা অনুষদ, হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’–এর ভিপি প্রার্থী আরিফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। স্বতন্ত্র ভিপি প্রার্থী আবদুর রশিদ জানান, জয়-পরাজয় নয়, নির্বাচন বাস্তবায়ন হওয়াটাই বড় পাওয়া। ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ আশা প্রকাশ করেন, সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।

নিরাপত্তায় কঠোর ব্যবস্থা : ওএমআর ব্যালটে ভোট হবে। ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ থাকবে। দায়িত্বে থাকবেন ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমসংখ্যক সহকারী। নিরাপত্তায় মোতায়েন থাকবেন পুলিশের ১২০০ সদস্য ও আনসার বাহিনী। ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরা। এছাড়া দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম দায়িত্ব পালন করবেন।

প্রার্থী সংখ্যা কমল দুজন : প্রথমে ১৭৯ জন প্রার্থীর তালিকা প্রকাশিত হলেও নিয়মিত ছাত্রত্ব না থাকায় প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’র ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল হয়েছে। অন্যদিকে ছাত্রদল–সমর্থিত জিএস প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন। ফলে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭।

প্রত্যাশা শিক্ষার্থীবান্ধব জাকসু : শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীরা আশা করছেন, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের মতামত তুলে ধরবেন এবং বিদ্যায়তনিক, সাংস্কৃতিক ও পাঠ-বহির্ভূত কার্যক্রমকে গতিশীল করবেন। জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক শিবলী নোমান বলেন, ৩৩ বছর পর নির্বাচন ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান জানান, জাকসু শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলবে এবং সবাইকে এক পরিবারের বন্ধনে আবদ্ধ করবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031