| | |

প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’

সাভার ডেস্ক

ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলা অবস্থায় রিধিকা ওরফে নিলা আক্তার (২৬) নামে এক অভিনেত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত নিলা আক্তার মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন মোল্লার মেয়ে। তিনি মিডিয়া অঙ্গনে ‌রিধিকা নামে পরিচিত ছিলেন। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ভোরের দিকে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধিকা। একপর্যায়ে ভিডিও কল চালু থাকা অবস্থাতেই তিনি গলায় ফাঁস দেন। বিষয়টি দেখতে পেয়ে হাসিবুর দ্রুত তার বাসায় পৌঁছান এবং তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই প্রেমিক হাসিবুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা বিরোধ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতেন রিধিকা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‌‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ এবং ‘সুন্দরী’।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted