| | |

জুলাই গণ-অভ্যুত্থান দিবস

ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প

নাজমুল হুদা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আহতদের পুনর্বাসন ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বুধবার (৫ আগস্ট) শুরু হওয়া এ কর্মসূচি বৃহস্পতিবার (৬ আগস্ট) পর্যন্ত চলবে।

সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে আয়োজিত এ ক্যাম্পে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্যও বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় পুনর্বাসন সেবা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে আহত অনেকেই এখনো দীর্ঘমেয়াদি ব্যথা, মাংসপেশি ও অস্থিসন্ধির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। সময়মতো ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা না পেলে তাদের অনেকেই স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকিতে পড়তে পারেন। এ কারণে অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকদের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগে বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা জাতির গর্ব। তাদের দ্রুত স্বাভাবিক ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। সময়োপযোগী ফিজিওথেরাপি সেবা অনেককে স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।”

বিপিএর সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবির বলেন, “ফিজিওথেরাপি শুধু ব্যথা কমানোর চিকিৎসা নয়, এটি একজন মানুষকে স্বাভাবিক জীবন ও কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

দেশব্যাপী এ কর্মসূচিতে সিআরপির পাশাপাশি ঢাকা ফিজিওথেরাপি অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট সেন্টার, ক্লাসিক ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, ইব্রাহিম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিসিইসি, গ্লোবাল ফিজিওথেরাপি সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন পুনর্বাসনের প্রয়োজন রয়েছে এমন আহত ব্যক্তি ও সাধারণ নাগরিকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted