| | |

ফেনীতে বাঘ আতঙ্কে স্থানীয়রা

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। দেড় ঘণ্টার বেশি সময় একটি বাঘ ঘোরাঘুরি করে আবার জঙ্গলে চলে যায়।

স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে বনের বাঘ লোকালয়ে চলে এসেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় বাঘ আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত এলাকায় দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় ঘোরাঘুরি করে বাঘটি। দূর থেকে দেখে মনে হচ্ছে সে খাবারের সন্ধান করেছিল। দেড় ঘণ্টা ঘোরাঘুরির পর সূর্য ডুবে গেলে সে আবার জঙ্গলের দিকে চলে যায় ধারণা করা হচ্ছে কাঁটাতারের এপাশে আরও একাধিক বাঘ থাকতে পারে। তবে শুক্রবার (২৯ আগস্ট) দুপুর পর্যন্ত আর ওই এলাকার কোথাও বাঘের দেখা মেলেনি।

কৃষক জহির আহাম্মদ জানান, ‘ওই এলাকার তার একাধিক জমি ধানের চারা লাগানোর জন্য প্রস্তুত রয়েছে। বনের বাঘ কাঁটাতারের এপাশে চলে আসায় এখন জমিতে চাষাবাদের কাজে যেতে ভয় লাগছে।’

বিজিবি জানায়, দক্ষিণ কেতরাঙ্গা বিওপির সীমান্ত পিলার-২১৭৩/এস জিরো পয়েন্টে তারকাঁটার বেড়ার বাইরে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঘ লোকালয়ে ঘুরতে দেখা যায়। তবে বাঘটি কোনো ক্ষয়ক্ষতি না করে সন্ধ্যার দিকে আবার জঙ্গলের দিকে ঢুকে যায়। স্থানীয় লোকজনকে সতর্কভাবে জমি চাষাবাদের জন্য ওই সীমান্ত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, ‘বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি।’

ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, ‘যেহেতু সীমান্ত এলাকায় বাঘ দেখা গেছে স্থানীয় লোকজনকে সতর্কভাবে চলাফেরা করতে হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted