ঢাকার সাভারের বিরুলিয়ার দত্তপাড়ায় আব্দুল মান্নান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ বাথরুমে ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, দত্তপাড়ার বাসিন্দা লোকমান হোসেনের দোতলা বাড়ির একটি ফ্ল্যাটে কয়েকজন ব্যক্তি নিয়মিত যাতায়াত করতেন। সন্ধ্যার দিকে ফ্ল্যাটের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। পরে বাথরুমে আব্দুল মান্নানের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতা বা অন্য কোনো বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর পিবিআই, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে এ ঘটনায় দত্তপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।










