ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে শিল্পাঞ্চল সাভার। উপজেলার প্রবেশপথ আমিনবাজার এলাকায় মহাসড়কের পাশে উড়ানো হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকা। বহুতল ভবনের ছাদ থেকে শুরু করে অলিগলি পর্যন্ত বিভিন্ন দেশের পতাকা ও প্রিয় দলের জার্সিতে সেজে উঠেছেন ফুটবলপ্রেমীরা।
স্থানীয় তরুণদের উদ্যোগে আমিনবাজারে একসঙ্গে ৪৮ দেশের পতাকা উত্তোলন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি এবং ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন। তারা জানান, দলীয় সমর্থন ভিন্ন হলেও সবার আগে রয়েছে বাংলাদেশের প্রতি ভালোবাসা।
ব্রাজিল সমর্থক উচ্ছাস আহমেদ বলেন, “আমরা ৪৮টি দেশের পতাকা টাঙালেও সবার আগে বাংলাদেশের পতাকা রেখেছি। আমি ব্রাজিলের সমর্থক। আশা করছি এবার দল ষষ্ঠ শিরোপা জিতবে।”
আর্জেন্টিনা সমর্থক আবিদ হাসান বলেন, “বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিচ্ছে, তাই আমরা সবাই মিলে ৪৮টি পতাকা উত্তোলনের উদ্যোগ নিয়েছি। আশা করি আর্জেন্টিনা চতুর্থবারের মতো শিরোপা জিতবে। একই সঙ্গে স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে খেলবে।”
আমিনবাজারের বাসিন্দা সিয়াম আহমেদ নিজের বাড়ির ছাদে ৫৫ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছেন। তিনি বলেন, “ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই সাভারের বিভিন্ন এলাকায় পতাকার ছড়াছড়ি দেখা যায়। এবারও দলের শিরোপা জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
বিশ্বকাপকে কেন্দ্র করে স্থানীয় বাজারগুলোতেও বেড়েছে জার্সি ও পতাকার বিক্রি। জার্সি কিনতে আসা আর্জেন্টিনা সমর্থক আরমান মাহমুদ বলেন, “ম্যারাডোনা ও মেসির কারণে ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। এবারও দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে।”
ব্রাজিল সমর্থক মোহাম্মদ মাহফুজ বলেন, “শুধু শিরোপা নয়, ব্রাজিলের নান্দনিক ফুটবলই আমাকে বেশি আকর্ষণ করে। আশা করছি দল ভালো করবে।”
একই প্রত্যাশা ব্যক্ত করেন ব্রাজিল সমর্থক আশা আক্তার। তিনি বলেন, “বিশ্বকাপ এলেই আমি উচ্ছ্বসিত হয়ে পড়ি। এবার আরও বেশি দল অংশ নেওয়ায় আগ্রহও বেড়েছে।”
সাভারের জাতীয় অন্ধসংস্থা শপিং কমপ্লেক্সের স্পোর্টস সামগ্রী ব্যবসায়ী মো. আশরাফ হোসেন বলেন, বিশ্বকাপ উপলক্ষে জার্সি, পতাকা ও ফুটবলের বিক্রি কয়েকগুণ বেড়েছে। খেলা শুরুর প্রায় দুই সপ্তাহ আগে থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। তার মতে, সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আর্জেন্টিনার জার্সি ও পতাকার। এরপর রয়েছে ব্রাজিল ও জার্মানির অবস্থান।
এদিকে খেলাকে ঘিরে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নজরুল ইনস্টিটিউটের সদস্য কবি মুহম্মদ শামসুল হক বাবু। তিনি বলেন, “খেলা নিয়ে মতভেদ থাকতে পারে, তবে তা যেন বিভেদে রূপ না নেয়। খেলাকে খেলাই হিসেবে উপভোগ করতে হবে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “বিশ্বকাপ উপলক্ষে সাভারজুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।”










