রাজধানীতে টানা বৃষ্টিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তলিয়ে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা। টার্মিনালসংলগ্ন সড়কে কোমর সমান পানি জমে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের বিকল্প পথে টার্মিনালে প্রবেশ করতে হয়।
বেলা ১১টার দিকে টানা ৩০ মিনিটের বৃষ্টির পর ধাপে ধাপে আরও কয়েক দফায় বর্ষণ হলে পানি জমে যায় বলাকা ভবনের পেছনের সড়কে। এতে বেশ কয়েকটি যানবাহনের ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। যাত্রীরা অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই বিমানবন্দর এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়া দেশের ভাবমূর্তির জন্য বিব্রতকর।
শুধু বিমানবন্দর নয়, মিরপুর, কালশী, মগবাজার, গুলশান, ধানমন্ডি, কাকরাইল ও মধুবাগসহ বিভিন্ন এলাকায়ও হাঁটু সমান পানি জমে যায়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ স্বীকার করে বলেন, বিমানবন্দরের সামনে জলাশয় ভরাট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের কারণে পানি সরতে বিলম্ব হচ্ছে। তিনি জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে সরতে কিছুটা সময় লাগবে।










