| | |

ব্যবস্থাপনাগত দুর্বলতায় পিছিয়ে চামড়া খাত, সম্ভাবনা ১২ বিলিয়ন ডলার

নাজমুল হুদা

সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের চামড়া খাত ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পে পরিণত হতে পারে।

শুক্রবার (তারিখ) দুপুরে হেমায়েতপুরের হরিণধরা বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক হলেও বাস্তবায়নে নানা ধরনের ব্যবস্থাপনাগত দুর্বলতা ছিল। বর্জ্য পরিশোধনাগারের সক্ষমতা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়নি। ফলে অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

তিনি জানান, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের সক্ষমতা বৃদ্ধি, ক্রোমিয়াম রিকোভারি ব্যবস্থা উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত ট্যানারিগুলোকে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে। প্রয়োজন হলে নিজস্ব ইটিপি স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে কারিগরি, নীতিগত ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সাভারের চামড়া শিল্পনগরীতে জমে উঠেছে কাঁচা চামড়ার বেচাকেনা ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম। বিসিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টা পর্যন্ত শিল্পনগরীতে ৫ লাখ ১৪ হাজার ৬৫০ পিস কাঁচা চামড়া জমা হয়েছে।

ট্যানারিগুলোতে শ্রমিকরা চামড়া সংরক্ষণের জন্য লবণ প্রয়োগ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের কাজ করছেন। পরবর্তীতে এসব চামড়া বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে রপ্তানিযোগ্য পণ্যে রূপান্তর করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted