ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া (১১ মাস) নামের একটি শিশু চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামের গফুর আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
শিশু তাসপিয়া ওই গ্রামের মাওলানা জামাল উদ্দিনের তৃতীয় কন্যা সন্তান।
তাসপিয়ার পরিবার ও স্থানীয়রা জানায়, রাতে শিশুটির মা কুলসুম বিবি তাকে পাশে নিয়ে ঘুমাচ্ছিলেন। সকালে ঘুম ভাঙার পর দেখেন শিশুটি বিছানায় নেই। এরপর পরিবারের সবাই মিলে আশপাশে খোঁজ করেও শিশুটিকে পাওয়া যায়নি।
শিশুটির মা কুলসুম বিবি জানান, ‘রাতে খাবার খেয়ে মেয়েকে নিয়ে সামনের বারান্দার চৌকিতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর দেখেন শিশু তাসপিয়া নেই। তার স্থানে একটি কোলবালিশ রাখা আছে। পরে তিনি ডাকা-চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে এবং তাসপিয়াকে খুঁজতে থাকে।’
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, ‘পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারের কাজ চলছে। বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।’










