ঢাকা-১৯ আসানের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, রোগীদের প্রতি আন্তরিকতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে্এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (৮ মার্চ) সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ-আল-হাসান।
মতবিনিময় সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মতামত তুলে ধরেন এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী মো. আহসাউল্লাহ, সাবেক ছাত্রদল সভাপতি ওবায়দুর রহমান অভি এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্লোলসহ অন্যান্য নেতৃবৃন্দ।









