শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

সংসদীয় সীমানা

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার চতুর্থ ও শেষ দিনে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১ আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে শুনানি গ্রহণ করেছে ইসি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে বুধবার সকাল ১০টা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিব অংশ নেন।

শুনানিতে সংসদীয় আসনের সীমানার দাবি ও আপত্তি নিয়ে আবেদনকারী ও তাদের পক্ষে আইনজীবীরা শুনানি করেন।

দাবি ও আপত্তি বিষয়ে ইসি উভয় পক্ষের বক্তব্য শুনছেন এবং আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষভাবে সমাধানের আশ্বাস দিচ্ছেন।

শুনানি শেষে পাবনার প্রতিনিধি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, আমরা শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন চাই। একইসঙ্গে বেড়া ও সুজানগর নিয়ে পাবনা-২ আসন চাই।

এই দুইটি আসন বিন্যাসের প্রস্তাবনা ২০১৮ সালে ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি বলে জানান তিনি।

সিরাজগঞ্জের প্রতিনিধি আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, সিরাজগঞ্জ জেলায় ২০০১ সাল পর্যন্ত ৭টি আসন ছিল। ২০০৮ সালে একটি আসন কমিয়ে ৬টি আসন করা হয়। আমাদের দাবি আগে চৌহালী উপজেলা ও শাহাজাদপুর উপজেলার পূর্ব অঞ্চলের চারটা ইউনিয়ন মিলন মিলে যে সিরাজগঞ্জ ছয় আসন ছিল, সে আসনটা আমরা ফিরে পেতে চাই।

এদিকে আজ দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি গ্রহণ করবে ইসি।

এর আগে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের ৬ জেলার ২৮টি সংসদীয় আসনের সিমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

ওই দিন ইসির পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে ২৫৯টি আপত্তি এবং ৫০টি পরামর্শসহ মোট ৩০৯টি আবেদনের ওপর শুনানি গ্রহণ করা হয়।

রোববার প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ৬টি জেলার ১৮টি সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি করেছে ইসি।

ওই দিন ইসির পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে ৪২৯টি আপত্তি এবং ৩৮২টি পরামর্শসহ মোট ৮১১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

অপর দিকে সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ২০টি আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির ওপর শুনানি গ্রহণ করেছে করেছে ইসি। ওই দিন ৯ জেলার সীমানা নিয়ে ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

রোববার প্রথম দিন শুনানির শুরুতে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।’

গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। সেপ্টেম্বরে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে ইসি’র।

সূত্র : বাসস

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930