| | |

রাজধানীতে দুই বাসে আগুন

সাভার ডেস্ক

রাজধানী ও এর আশপাশে পার্কিং করা যাত্রীবাহী বাসে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর ডেমরায় গভীর রাতে একটি বাসে আগুন লাগার পর এবার গাজীপুরের টঙ্গীতে পার্কিং করা আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রোববার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে। গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের চেরাগআলী এলাকার দারুল উলুম মাদ্রাসার সামনে পার্কিং অবস্থায় থাকা লাল–সবুজ পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে বাসটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়। বাসটির মালিক মোহাম্মদ এটিএম মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো বাসটি নির্ধারিত স্থানে পার্কিং করা ছিল। এ সময় বাসের হেলপার ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই প্রথমে বাসের সিটে আগুন লাগে এবং পরে তা ধীরে ধীরে বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে।

হেলপারের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভোর ৪টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এর আগে রাজধানীর ডেমরায় পার্কিং করা আসিয়ান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে ডেমরার রঙ্গমালা আকবর মহিলা কলেজ সংলগ্ন বড়ভাঙ্গা–স্টাফ কোয়ার্টার পাকা সড়কের ওপর বাসটিতে আগুন লাগে। এতে বাসটির ভেতরের সিটসহ বড় একটি অংশ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারির কাছে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডেমরা ফায়ার সার্ভিস ও থানাপুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরপর দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে কিছু সময় আতঙ্ক বিরাজ করে। ঘটনার কারণ খতিয়ে দেখতে উভয় ঘটনাই তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted