রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা ও মহাখালী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে এসব দুর্ঘটনা ঘটে।
সাতরাস্তা এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী দৃষ্টিপ্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪০) ও তাঁর মেয়ে তানজিলা (১২) নিহত হন। এ ঘটনায় তাঁর ছেলে নুর ইসলাম (১৪) আহত হয়েছে। অন্যদিকে মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।
ভোর আনুমানিক ৫টার দিকে আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাবা-মেয়ে ও অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন। আহত নুর ইসলাম প্রাথমিক চিকিৎসা নেয়।
নিহত রফিকুল ইসলামের ভাতিজা আব্দুর রাকিব জানান, তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জটিয়াবো গ্রামে। বর্তমানে তাঁরা মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাস করতেন। আহত নুর ইসলাম ও নিহত তানজিলা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। দৃষ্টিপ্রতিবন্ধী রফিকুল ইসলাম ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।
তিনি আরও জানান, রাতে রফিকুল ইসলাম দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বের হন। মগবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মহাখালী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে সাতরাস্তা এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে বাবা ও দুই সন্তান গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বাবা ও মেয়ের মৃত্যু হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, বুধবার ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। সাতরাস্তা এলাকায় ট্রাকচাপায় বাবা ও মেয়ে নিহত হন এবং মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক যুবক মারা যান।
তিনি আরও জানান, সাতরাস্তার ঘটনায় ট্রাকটিকে এখনো শনাক্ত করা যায়নি। মহাখালী এলাকায় নিহত যুবকের পরিচয়ও জানা যায়নি। যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।










