গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে এসব কারখানায় কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
বুধবার গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত কারখানাগুলোর প্রধান ফটকে নোটিশ টানিয়ে বন্ধের ঘোষণা দেওয়া হয়।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম ফ্যাশন লিমিটেড, ফমকম ডাইং লিমিটেড, ফমকম প্রিন্টিং লিমিটেড এবং ফমকম নিটিং লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, গ্যাস সংযোগ বন্ধ, ক্রয়াদেশ কমে যাওয়া, ভবিষ্যৎ ক্রয়াদেশের অনিশ্চয়তা, পণ্যের বিক্রয়মূল্য কমে যাওয়া এবং সময়মতো ব্যাংকিং সহায়তা না পাওয়াসহ বিভিন্ন কারণে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে। এছাড়া বিগত সময়ে শ্রম অসন্তোষের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, এসব কারণে মালিকপক্ষের পক্ষে কারখানা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পুরোনো দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে পুনরায় কার্যক্রম শুরু করার বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে কারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় মানববন্ধন করেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, গত ৭ জুন থেকে ফমকম ফ্যাশন লিমিটেড বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়। কারখানা কর্তৃপক্ষ মে মাসের বেতন পরিশোধের জন্য ২৩ জুন তারিখ নির্ধারণ করলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করা হয়নি।
মানববন্ধনে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ, কারখানা পুনরায় চালু এবং সব পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
বন্ধ ঘোষণার পর কারখানায় মালিকপক্ষের কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি। নোটিশে উল্লেখিত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, বিভিন্ন কারণ দেখিয়ে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম এম মামুন-অর-রশিদ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়টি নিয়ে দ্রুত একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।









