| | |

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নাজমুল হুদা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সাভারের পাকিজা মোড়ে জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী আসিফ বলেন, শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে দেশের শিক্ষার্থীরা অপমানিত ও ক্ষুব্ধ হয়েছে। তাই তিনি বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

আরেক শিক্ষার্থী আমেনা বলেন, একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি নৈতিকভাবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন।

ঢাকা জেলা ট্রাফিক উত্তরের টিআই (অ্যাডমিন) রুহুল আমিন সোহেল বলেন, দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। তাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted