| | |

কারখানা খুলে দেয়ার দাবি

শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে বন্ধ হওয়া একটি কারখানা খুলে দেয়ার দাবিতে দুই দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকায় মারাত্মক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় শ্রমিকরা দুই দফায় মহাসড়ক অবরোধ করে কারখানা খুলে দেয়ার দাবি জানান।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, কয়েকদিন ধরে শ্রমিকরা কর্মবিরতি ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছিলেন। গত রবিবার কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ করার পরও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে মহাসড়ক অবরোধ করেন।

প্রায় আধা ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরায়, এতে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এক ঘণ্টা পর শ্রমিকরা বর্জ্য বস্তাবন্দি করে আগুন ধরিয়ে পুনরায় মহাসড়ক অবরোধ করেন, যা ২০ মিনিট স্থায়ী হয়। পরে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, শ্রমিকরা দুইবার মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এরপর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted