বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জুলাই সনদের সংবিধান–সংশ্লিষ্ট সুপারিশ কার্যকর করতে সরকারের কাছে একটি ‘সংবিধান আদেশ’ জারি করার প্রস্তাব দিতে পারে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, বিশেষজ্ঞরা আগে দুটি বিকল্প—‘গণভোট’ ও ‘সংবিধান আদেশ’—প্রস্তাব করেছিলেন। পরে সমন্বিত মতামতে তাঁরা জানান, জুলাই ঘোষণাপত্রের ২২ দফা অনুসরণ করে সংবিধান আদেশের মাধ্যমে সুপারিশগুলো কার্যকর করা যেতে পারে এবং সেই আদেশ পরবর্তীতে গণভোটে জনগণের অনুমোদন পেতে পারে। প্রস্তাবিত গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে আয়োজনের কথাও বলা হয়েছে।
আলী রীয়াজ জানান, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকেও অবহিত করা হয়েছে। পাশাপাশি কিছু দল সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ভিন্নমতও রয়েছে। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলোর ছয়টি ও বিশেষজ্ঞদের একটি—মোট সাতটি সুপারিশ রয়েছে, যা আলোচনার মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা চলছে। এতে সরকারের জন্য বাস্তবায়ন সহজ হবে।
তিনি আরও বলেন, কমিশনের প্রধান জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন। তাঁর ফেরার আগেই আলোচনাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হবে, যাতে তিনি ফিরে আসার পর চূড়ান্ত সুপারিশ নিয়ে আলোচনা করা যায়।
ব্রিফিংয়ে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এদিন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।










