| | |

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাভারে মানববন্ধন

হাসিবুল হাসান শান্ত

সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাভারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, বাসে অগ্নিসংযোগের সময় কামরুজ্জামান খান ঘটনাস্থলে ছিলেন না। তিনি কয়েক বছর ধরে ঢাকায় বসবাস করছেন বলেও দাবি করেন তারা। তাদের অভিযোগ, প্রকৃত ঘটনা তদন্ত না করেই তাকে মামলায় আসামি করা হয়েছে।

সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজিম উদ্দিন বলেন, বাসে অগ্নিসংযোগের মামলায় সাংবাদিক কামরুজ্জামান খানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে বলে তারা মনে করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও ডেইলি স্টারের সাংবাদিক আকলাকুর রহমান আকাশ বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো সাংবাদিককে মামলায় জড়ানো উচিত নয়। এ ধরনের ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

সাভার প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক তৌকির আহমেদ বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে মামলা করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন বলেন, কামরুজ্জামান খান দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা না থাকার দাবি করে তিনি মামলায় তাকে আসামি করার বিষয়টি তদন্তের দাবি জানান।

মানববন্ধনে সাভার প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্য, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা কামরুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলার অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই এবং তিনি জড়িত না থাকলে মামলার দায় থেকে তার নাম বাদ দেওয়ার দাবি জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ