| | |

সাভারের তিন ইউনিয়ন কেরানীগঞ্জে যুক্ত করার অভিযোগ, বিক্ষোভ

সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করার অভিযোগে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে নেওয়া স্বাক্ষর ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ তুলে শুক্রবার (৭ আগস্ট) হেমায়েতপুরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শুক্রবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি হেমায়েতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে একটি ফরমে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছিল। পরে ওই স্বাক্ষরকে ভিত্তি করে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চালানো হচ্ছে।

তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, সাভারের সঙ্গে এই তিন ইউনিয়নের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম গভীরভাবে সম্পৃক্ত। কোনোভাবেই তারা সাভার থেকে বিচ্ছিন্ন হতে চান না।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের স্বাক্ষর নিয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

জামাল উদ্দিন সরকার আরও বলেন, তিন ইউনিয়নকে প্রশাসনিকভাবে সাভার থেকে বিচ্ছিন্ন করার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বিক্ষোভ কর্মসূচির কারণে দুপুরের পর ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় যানবাহনের গতি কমে যায়। একপর্যায়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা দীর্ঘ সময় সড়কে আটকে থেকে দুর্ভোগে পড়েন।

তবে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ