| | |

সাভারে আবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার

নাজমুল হুদা

সাভারে একটি মাঠ থেকে বোমাসদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন তারা। পরে ড্রামের ভেতরে কাপড়চোপড় ও একটি প্রেশার কুকার দেখতে পান। স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি মাঠে রেখে যায়।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয় এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রেশার কুকারটির ভেতরে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

এর আগে গত ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের বেঞ্চে রাখা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় ৩০ থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি মুদি দোকানে গিয়ে ঠান্ডা পানীয় কেনার কথা বলে দোকানিকে ৫০০ টাকার নোট দেন। দোকানি খুচরা না থাকায় তিনি চলে যান এবং ব্যাগটি দোকানে রেখে যান। ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ