ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাত ৯টা ৪৩ মিনিটের দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় মঞ্চে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা মঞ্চে থাকা শীর্ষ নেতাদের নিরাপদে সরিয়ে নিতে মানবঢাল তৈরি করেন।
বিস্ফোরণের পর সমাবেশস্থল ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
ঘটনার পরপরই নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে এনসিপি। মিছিলটি সাভার থানা ঘেরাও কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত দাবি করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সমাবেশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে অন্তত তিনজন আহত হন।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা হয়নি। একই সঙ্গে হামলার বিষয়ে পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।









