শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

মসজিদ কমিটির সংবাদ সম্মেলন

সাভারে চাঁদা উত্তোলন ও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

নাজমুল হুদা

সাভার প্রতিনিধি: ঢাকার সাভার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের জামসিং জয়পাড়া এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগসংবলিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে স্থানীয় বায়তুল মামুর কেরামতিয়া জামে মসজিদ কমিটি ও মহল্লাবাসী।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামসিং জয়পাড়া বাড়িওয়ালা মহল্লাবাসী এবং বায়তুল মামুর কেরামতিয়া জামে মসজিদ কমিটি। সংবাদ সম্মেলনে সংগৃহীত অর্থ আত্মসাতের অভিযোগ প্রত্যাখ্যান করে কমিটির নেতারা দাবি করেন, ফান্ডের টাকা ড্রেন নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির সভাপতি শেখ মনজুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রিন্স। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছর জামসিং জয়পাড়া এলাকার রাস্তা সংস্কারের অনুমোদন হলেও পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনের ব্যবস্থা রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছিল।

তিনি আরও বলেন, সমস্যা সমাধানে এলাকাবাসী তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকারের সঙ্গে যোগাযোগ করেন। সে সময় সরকারি বাজেটে তাৎক্ষণিকভাবে ড্রেন নির্মাণের বরাদ্দ না থাকায় স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, তৎকালীন ইউএনওর মৌখিক দিকনির্দেশনার ভিত্তিতে ড্রেনের সুবিধাভোগী বাড়িওয়ালারা স্বেচ্ছায় ১০ লাখ ২৫ হাজার টাকার একটি তহবিল গঠন করেন। গণমাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করা হয়।

কমিটির নেতারা বলেন, স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা, যথাযথ তদবির এবং নিয়মতান্ত্রিক আবেদনের ফলেই ড্রেন নির্মাণ প্রকল্পটি সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হয়েছে এবং বর্তমানে এর কাজ চলমান রয়েছে।

তারা আরও জানান, সংগৃহীত অর্থ দিয়ে পুরো ড্রেন নির্মাণ সম্ভব না হওয়ায় প্রাথমিক পর্যায়ের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক খাতে ব্যয় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে এবং কমিটিকে হেয় প্রতিপন্ন করতে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে।

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান বক্তারা। সংবাদ সম্মেলনে জামসিং জয়পাড়া বাড়িওয়ালা মহল্লাবাসী এবং মসজিদ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930