ঢাকার সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সদ্য গঠিত পৌর ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। সোমবার (৮ জুন) নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রিয়া মনি (২১)। তিনি সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। অভিযুক্ত রনি ইসলাম (২২) কুষ্টিয়ার ইবি থানা এলাকার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সদ্য গঠিত সাভার পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে ছায়াবীথি মহল্লার একটি বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে রিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ছয় মাস আগে ওই দম্পতি বাসাটি ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, রোববার রাতে রিয়া মনিকে হত্যার পর মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান রনি ইসলাম। পরে তিনি নিজেই পরিবারের সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।










